চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ডলুখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে পুটিবিলা ও চুনতি ইউনিয়নের সীমান্তবর্তী ডলুখালের ওপর নির্মিত বেইলি সেতুটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকিপূর্ণ এ সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন দুই উপজেলার প্রায় দুই লাখ মানুষ।
স্থানীয়রা জানান, বছরের পর বছর ধরে ডলুখালের সেতুর নিচ ও আশপাশের এলাকা থেকে ড্রেজার ও শ্যালোমেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর পাশাপাশি প্রতিদিন শত শত বালু, মাটি ও গাছবোঝাই ভারী যানবাহন সেতুটির ওপর দিয়ে চলাচল করছে। এতে সেতুটির অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে এবং বিভিন্ন অংশে দেখা দিয়েছে বেহাল দশা।
সেতুটির ওপর দিয়ে যানবাহন চলাচলের সময় কাঁপন সৃষ্টি হয়। অধিকাংশ স্থানে লোহার পাত বেঁকে গেছে। পুটিবিলা, ফারাঙ্গা ও পানত্রিশা এলাকায় শতাধিক শ্যালোমেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগও রয়েছে। স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
সেতুটির বর্তমান অবস্থা এতটাই নাজুক যে সামান্য রিকশা কিংবা সিএনজি চালিত অটোরিকশাও ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। দ্রুত সংস্কার বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো সময় সেতুটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে এলজিইডির লোহাগাড়া উপজেলা প্রকৌশলী কাজি ফাহাদ বিন মাহমুদ বলেন, নতুন সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অতিভারী যানবাহন চলাচল না করার জন্য সতর্কীকরণ হিসেবে একটি ব্যানার দেওয়া হয়েছে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজীদ-বিন-আখন্দ বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)