পাকিস্তানের সেনাবাহিনী পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছে। সেনাবাহিনীর এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করে একে ‘হাস্যকর’ বলেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলের দাবি—ইমরান খান জাতীয় নিরাপত্তার হুমকি নন। খবর দ্য ডন।
শনিবার রাজধানী ইসলামাবাদের খাইবার পাখতুনখোয়া হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে পিটিআইয়ের সেক্রেটারি জেনারেল সালমান আকরাম রাজা বলেন,
“দেশের সবচেয়ে জনপ্রিয় নেতাকে জাতীয় নিরাপত্তার হুমকি বলা—এটা হাস্যকর। ইনস্টিটিউশন (সেনাবাহিনী) এ ধরনের অভিযোগ এই প্রথম করেনি।”
তিনি বলেন, অতীতেও জনপ্রিয় রাজনৈতিক নেতাদের ‘জাতীয় নিরাপত্তার হুমকি’ হিসেবে অভিযুক্ত করা হয়েছে। কারণ, প্রতিষ্ঠানের ধারণা—যে কোনো নেতাকে ‘হুমকি’ ঘোষণা করা হলে তাকে সহজেই রাজনৈতিক দৃশ্যপট থেকে সরানো যায়। কিন্তু ইতিহাস দেখিয়েছে, এই কৌশল ব্যর্থ।
“৯০-এর দশকে বেনজির ভুট্টোর বিরুদ্ধেও একই কৌশল ব্যবহার করা হয়েছিল, যা ব্যর্থ হয়েছিল। এবার ইমরান খানের ক্ষেত্রেও ব্যর্থ হবে,” বলেন সালমান আকরাম রাজা।
তিনি আরও যোগ করেন,
“দৃশ্যপট থেকে সরানো সহজ, কিন্তু জনগণের হৃদয় থেকে কাউকে মুছে ফেলা সহজ নয়। পাকিস্তানিরা সচেতন জাতি—তারা জানে দেশকে আসলে কে নিয়ন্ত্রণ করে।
সম্প্রতি পাঞ্জাবের কারাগারে বন্দি ইমরান খানের সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার, যা নিয়ে তীব্র সমালোচনা করছে পিটিআই।

প্রথম দর্পণ,ডেস্ক