ধর্ম মন্ত্রণালয়ে ভিন্ন মতাদর্শের কাউকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।
তিনি বলেছেন, মন্ত্রিসভায় নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়োগ, রদবদল কিংবা মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে ধর্ম মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের আলেম-উলামা, পীর-মাশায়েখ ও ধর্মপ্রাণ মানুষের অনুভূতির বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন।
সম্প্রতি নিজের এক লেখায় মাওলানা উবায়দুর রহমান খান নদভী বলেন, ধর্ম মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হতে পারে বলে একটি সূত্রে জানা গেছে। তার মতে, দেশের বিপুলসংখ্যক মুসলমানের কাছে বিচ্ছিন্ন হিসেবে বিবেচিত কোনো মতাদর্শের ব্যক্তিকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া সমীচীন হবে না।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের অধিকাংশ মুসলমান হানাফি মাজহাব অনুসরণ করেন। আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাধারণ মুসলমানরা কোরআন-সুন্নাহ পালনের ক্ষেত্রে চার মাজহাবের যেকোনো একটির অনুসরণ করে থাকেন। শরিয়ার বিভিন্ন ব্যাখ্যাসাপেক্ষ বিষয়ে অনুসরণীয় আলেমদের মত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ইসলামের সৌন্দর্যের অংশ বলেও তিনি উল্লেখ করেন।
ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে দেশের প্রচলিত ধর্মীয় জীবনাচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিকে নিয়োগ দেওয়ার পক্ষে মত দেন মাওলানা নদভী। এ ক্ষেত্রে সংসদ সদস্যদের মধ্য থেকে একজন হানাফি মাজহাব অনুসারী ব্যক্তিকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে বলেও তিনি মত দেন।
মাওলানা নদভী আরও বলেন, ধর্মীয়ভাবে অত্যন্ত সংবেদনশীল এ বিষয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া হলে দেশের মুসলমানদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। এর ফলে সরকারের প্রতি ভুল বোঝাবুঝির পরিবেশ তৈরি হওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তিনি তাই ধর্ম মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী নিয়োগের আগে দেশের আলেম-উলামা, পীর-মাশায়েখ ও ধর্মপ্রাণ মানুষের অনুভূতির বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।

প্রথম দর্পণ,ডেস্ক