জুলাই শহীদদের স্মরণে রাজধানীতে ছাত্রদলের বৃক্ষরোপণ, কর্মসূচিতে যোগ দিলেন পরিবেশ প্রতিমন্ত্রী

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৩ জুলাই ২০২৬, ০৯:১৬ রাত
  • ১৪১০৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার রাজধানীর বিজয় সরণি, জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণের বিকল্প নেই। রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জনকল্যাণমূলক এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

কর্মসূচির একপর্যায়ে একটি ব্যতিক্রমী ঘটনা ঘটে। যাতায়াতের পথে সরকারের বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম কর্মসূচি দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি নিজেও বৃক্ষরোপণে অংশ নেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশব্যাপী বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এমন উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ছাত্রদল নেতা কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় ছাত্রদলের এ ধরনের কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad