সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইয়োহেই সাসাকাওয়া নিপ্পন ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক কার্যক্রম সম্পর্কে ডা. শফিকুর রহমানকে অবহিত করেন। বিশেষ করে কুষ্ঠরোগের চিকিৎসায় সংস্থাটির দীর্ঘদিনের অভিজ্ঞতা ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে জীবনমান উন্নয়ন এবং কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ ও উপার্জনক্ষম করে তোলার লক্ষ্যে নিপ্পন ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়।
বাংলাদেশ সফরের জন্য নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানকে ধন্যবাদ জানান ডা. শফিকুর রহমান। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠী ও বাংলাদেশের দরিদ্র মানুষের কল্যাণে ভবিষ্যতে আরও উন্নয়ন প্রকল্প নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
নিপ্পন ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাসও দেন জামায়াত আমির।
বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক