প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী চলমান গ্রীষ্মকালীন সামরিক প্রশিক্ষণ এলাকায় সরাসরি উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান এবং তাদের প্রশিক্ষণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেন এবং চলমান প্রশিক্ষণের বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসার (সিও) তাকে প্রশিক্ষণ কার্যক্রম, অপারেশনাল প্রস্তুতি এবং কৌশলগত সক্ষমতা সম্পর্কে অবহিত করেন। তিনি একজন কমান্ডারের অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত একটি ‘রেইড’ মহড়াও প্রত্যক্ষ করেন।
এ ছাড়া যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণের কৌশল, সমরাস্ত্রের ব্যবহার, প্রতিরক্ষামূলক ব্যবস্থা এবং বাস্তবধর্মী যুদ্ধপ্রস্তুতির নানা দিক পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। তিনি একটি সেনা বাঙ্কারে নেমে কর্মকর্তা ও সেনাসদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। গাছপালার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সদস্যদের কাছেও গিয়ে তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ দেন।
একপর্যায়ে মহড়ায় অংশ নেওয়া সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা খাবার তাদের সঙ্গে বসেই গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে তাদের সঙ্গে চা পান করে অনানুষ্ঠানিকভাবে কথাবার্তাও বলেন। সরকারপ্রধানকে এত কাছ থেকে পেয়ে উপস্থিত সেনাসদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
পরবর্তীতে সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর আস্থা রাখে। জাতীয় সংকট মোকাবিলা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনীটির গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি সর্বদা পেশাদারিত্ব, কঠোর শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক সাফল্য ও অগ্রগতি কামনা করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার