দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি গোষ্ঠী ধারাবাহিকভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জনগণের সমর্থন নিয়ে সরকার ও দেশপ্রেমিক শক্তি এ ধরনের অপতৎপরতা মোকাবিলা করবে।
বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, যারা দেশে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অভিযোগ তুলছেন, তাদের নিজেদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন স্পষ্টভাবে ফুটে উঠছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ও অপপ্রচারের মাধ্যমে তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি।
জুলাইয়ের গণহত্যার ঘটনায় দায়ীদের বিচারের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, বিচারিক কার্যক্রম নিজস্ব গতিতে এগিয়ে চলছে এবং এ বিচার সম্পন্ন করতে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
চীনের সঙ্গে বিএনপির দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে রিজভী বলেন, প্রধানমন্ত্রীর চলমান চীন সফরের ফলে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে দেশের বিনিয়োগ ঘাটতি কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার সময়োপযোগী ও বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণ করবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে সহায়ক হবে।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার