দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি গোষ্ঠী ধারাবাহিকভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জনগণের সমর্থন নিয়ে সরকার ও দেশপ্রেমিক শক্তি এ ধরনের অপতৎপরতা মোকাবিলা করবে।বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।রিজভী বলেন, যারা দেশে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অভিযোগ তুলছেন, তাদের নিজেদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন স্পষ্টভাবে ফুটে উঠছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ও অপপ্রচারের মাধ্যমে তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি।জুলাইয়ের গণহত্যার ঘটনায় দায়ীদের বিচারের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, বিচারিক কার্যক্রম নিজস্ব গতিতে এগিয়ে চলছে এবং এ বিচার সম্পন্ন করতে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।চীনের সঙ্গে বিএনপির দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে রিজভী বলেন, প্রধানমন্ত্রীর চলমান চীন সফরের ফলে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে দেশের বিনিয়োগ ঘাটতি কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।তিনি আরও বলেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার সময়োপযোগী ও বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণ করবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে সহায়ক হবে।