ফায়ার সার্ভিসে নিয়োগে ‘জিরো টলারেন্স’, সুপারিশ-তদবির ঠেকাতে বিশেষ নজরদারি

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২০ জুন ২০২৬, ০৮:৫২ রাত
  • ১৫২৭০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ফায়ার ফাইটারসহ বিভিন্ন পদে ২৪২ জন নিয়োগকে কেন্দ্র করে নজিরবিহীন স্বচ্ছতা ও কঠোর নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ সিসি ক্যামেরা, ড্রোন ও ভিডিও রেকর্ডিংয়ের আওতায় আনা হয়েছে। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশনের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এ বছর প্রায় ২৪ হাজার আবেদনকারীর মধ্য থেকে ২০০ জন ফায়ার ফাইটার এবং ড্রাইভারসহ অন্যান্য পদে আরও ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। বর্তমানে নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা চলছে।

পরীক্ষার বিভিন্ন ধাপে প্রার্থীদের উচ্চতা, ওজন, বুকের মাপ, ৪০০ মিটার দৌড়, পুশ-আপ এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হচ্ছে। প্রতিদিনের কার্যক্রম শেষে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হচ্ছে, যাতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকে এবং কোনো ধরনের অনিয়মের সুযোগ না থাকে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরীক্ষার দিনই ফলাফল প্রকাশ করায় তদবির, প্রভাব বিস্তার কিংবা আর্থিক লেনদেনের সুযোগ কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। তবে নিয়োগ কার্যক্রম শুরুর পর থেকেই বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও প্রশাসনের উচ্চপর্যায়ের কিছু মহলের সুপারিশের চাপ মোকাবিলা করতে হচ্ছে সংশ্লিষ্টদের।

এদিকে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অপচেষ্টাও লক্ষ্য করা গেছে। এ ধরনের চক্রের বিরুদ্ধে নজরদারি জোরদার করা হয়েছে এবং প্রার্থীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, যোগ্যতা ও সক্ষমতাই হবে নিয়োগের একমাত্র মানদণ্ড। অযোগ্য কোনো প্রার্থী যাতে নিয়োগ না পায়, সে জন্য প্রতিটি ধাপে কঠোর যাচাই-বাছাই করা হচ্ছে। পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কারও প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে একটি বিশেষ পর্যবেক্ষণ দল মাঠপর্যায়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, “একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। শারীরিকভাবে সক্ষম ও যোগ্য প্রার্থীদেরই বাছাই করা হবে। কোনো ধরনের সুপারিশ বা অনৈতিক প্রভাবকে প্রশ্রয় দেওয়া হবে না।”

তিনি জানান, আগামী জুলাই মাসে লিখিত পরীক্ষা এবং আগস্টে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব ধাপ শেষে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad