সিরাজগঞ্জ, ১০ জুন ২০২৬: পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় গরু চুরিসহ নানা ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন স্থানীয় সচেতন নাগরিক ও গ্রাম পুলিশ সদস্যরা। তাদের এই অনন্য অবদানকে স্বীকৃতি দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ।
বুধবার (১০ জুন) পুলিশ লাইন্স, সিরাজগঞ্জে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়ের পক্ষ থেকে ২৫ জন স্থানীয় সচেতন নাগরিক ও গ্রাম পুলিশ সদস্যকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
জানা যায়, ঈদকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় “বাঁশকল” স্থাপন করে রাত্রীকালীন নিরাপত্তা জোরদার, গরু চুরি প্রতিরোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের সাহসিকতা, দায়িত্বশীলতা ও অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা সনদ ও শুভেচ্ছা উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের সচেতন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ আইন-শৃঙ্খলা রক্ষার কাজে যেমন সহায়ক, তেমনি এটি অন্যদেরও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করে।
জেলা পুলিশের এ উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, অপরাধ প্রতিরোধে সাধারণ মানুষের সম্পৃক্ততা বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা গড়ে তুলতে এ ধরনের স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি এটি জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করতে সিরাজগঞ্জ জেলা পুলিশের এ উদ্যোগকে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।

মোঃ আরিফুল ইসলাম সুমন,সিরাজগঞ্জ প্রতিনিধি