ভেড়ামারায় দেয়ালজুড়ে মেসির বিশাল প্রতিকৃতি, প্রশংসায় ভাসছেন শিল্পী শরীফুল

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ১০ জুন ২০২৬, ০১:১১ দুপুর
  • ২৫২৬১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নিজ অর্থায়নে আঁকলেন চারটি বৃহৎ প্রতিকৃতি; দেখতে ভিড় করছেন ফুটবলপ্রেমী ও দর্শনার্থীরা

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির প্রতি গভীর ভালোবাসা ও অনুরাগ থেকে বিশাল দেয়ালজুড়ে তার প্রতিকৃতি এঁকে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন কুষ্টিয়ার ভেড়ামারার তরুণ শিল্পী শরীফুল শেখ। তার আঁকা মেসির প্রতিকৃতিগুলো দেখতে প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। দর্শনার্থীরা ছবি তুলে স্মৃতি ধারণ করছেন এবং শিল্পীর সৃজনশীল উদ্যোগের প্রশংসা করছেন।

উপজেলার বাহাদূরপুর ইউনিয়নের আড়কান্দি বাজারসংলগ্ন কয়েকটি দোকানের ফাঁকা দেয়ালে প্রায় ১৬ ফুট বাই ১০ ফুট আয়তনের চারটি বৃহৎ প্রতিকৃতি এঁকেছেন শরীফুল। এর মধ্যে দুটি রঙিন এবং দুটি সাদা-কালো প্রতিকৃতি রয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা ছাড়াই সম্পূর্ণ নিজ অর্থায়নে তিনি এ শিল্পকর্ম সম্পন্ন করেছেন।

পেশাগতভাবে শরীফুল শেখ একজন কমার্শিয়াল আর্টিস্ট। পাশাপাশি তিনি ভেড়ামারার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অঙ্কন শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

শরীফুল শেখ জানান, ২০০২ সাল থেকে তিনি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থক। সময়ের সঙ্গে সঙ্গে লিওনেল মেসির খেলা, ব্যক্তিত্ব ও সংগ্রামী জীবনের প্রতি তার মুগ্ধতা আরও বেড়েছে।

তিনি বলেন, “মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি আমার কাছে অনুপ্রেরণার প্রতীক। তার প্রতি ভালোবাসা থেকেই সুযোগ পেলেই ছবি আঁকার চেষ্টা করি। এর আগে বিশ্বকাপের সময়ও তার একটি প্রতিকৃতি এঁকেছিলাম। এবারও সম্পূর্ণ নিজের উদ্যোগ ও অর্থায়নে কাজটি করেছি।”

স্থানীয় আর্জেন্টিনা সমর্থক হাসান বলেন, “এ ধরনের উদ্যোগ শুধু ফুটবলের প্রতি ভালোবাসাই নয়, শিল্পচর্চারও একটি অনন্য উদাহরণ। প্রতিদিন অনেক মানুষ পরিবার-পরিজন নিয়ে ছবি দেখতে আসছেন।”

আরেক বাসিন্দা মোস্তফা হোসেন বলেন, “গ্রামাঞ্চলে এত বড় পরিসরে আন্তর্জাতিক তারকার প্রতিকৃতি সচরাচর দেখা যায় না। শরীফুল শেখের এই উদ্যোগ এলাকায় নতুন ধরনের আগ্রহ সৃষ্টি করেছে।”

তবে শরীফুল শেখের শিল্পীসত্তা শুধু মেসির প্রতিকৃতির মধ্যেই সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন ধরে তিনি জাতীয় কবি, সাহিত্যিক, বাউল সম্রাট ফকির লালন শাহসহ বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রতিকৃতি অঙ্কন করে পরিচিতি অর্জন করেছেন।

শিল্পচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৯ সালে দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে অংশগ্রহণের সুযোগ পান তিনি। অনুষ্ঠানটির উপস্থাপক ও নির্মাতা ছিলেন কিংবদন্তি গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত।

স্থানীয় বাসিন্দা মাহামুদ হোসেন বলেন, “লিওনেল মেসি কোটি কোটি মানুষের আবেগ ও অনুপ্রেরণার নাম। শরীফুল শেখ যে নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে তার প্রতিকৃতি এঁকেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে শিল্প ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রতি আরও আগ্রহী করবে।”

শিল্পবোদ্ধাদের মতে, গ্রামবাংলা থেকে উঠে আসা এমন প্রতিভাবান শিল্পীরা যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে জাতীয় পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন। শরীফুল শেখের এ উদ্যোগ প্রমাণ করে, শিল্পচর্চার জন্য বড় শহর নয়, প্রয়োজন মেধা, অধ্যবসায় ও সৃজনশীলতার প্রতি গভীর ভালোবাসা।

ভেড়ামারার আড়কান্দি বাজারের দেয়ালজুড়ে আঁকা মেসির প্রতিকৃতিগুলো এখন স্থানীয় মানুষের কৌতূহল, প্রশংসা ও গর্বের প্রতীক হয়ে উঠেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad