চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডারের ভেতরে তৈরি বিশেষ গোপন চেম্বার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার রাতে সীতাকুণ্ড মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) রাসেল পিপিএম (বার) এ তথ্য জানান।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বিপিএমের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। এ সময় একটি সন্দেহজনক প্রাইভেট কারকে থামার সংকেত দিলে চালক নির্দেশ অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করেন।
পরে পুলিশ ধাওয়া দিলে চালক মহাসড়কের পাশে গাড়িটি ফেলে পালিয়ে যান। পরিত্যক্ত গাড়িটি জব্দ করে তল্লাশি চালানোর সময় ভেতরে থাকা একটি গ্যাস সিলিন্ডার পুলিশের সন্দেহের উদ্রেক করে। বাইরে থেকে সাধারণ সিলিন্ডার মনে হলেও এর ওজন ছিল অস্বাভাবিক।
পরে সিলিন্ডারটি কেটে পরীক্ষা করলে ভেতরে তৈরি করা গোপন চেম্বার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে মাদক কারবারিরা অভিনব এই কৌশল ব্যবহার করেছিল।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, মাদক পাচারকারীরা প্রতিনিয়ত নতুন নতুন পদ্ধতি অবলম্বন করছে। তবে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে তাদের তৎপরতা প্রতিহত করা হচ্ছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া ইয়াবার চালানের উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িত চক্র শনাক্তে তদন্ত চলছে। পলাতক চালক ও গাড়ির প্রকৃত মালিককে চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত গাড়ি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক