ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবারপ্রতি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে আদ্-দ্বীন হাসপাতাল

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৭ জুন ২০২৬, ১১:৪৩ রাত
  • ৮০২৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রত্যেক শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

রোববার এ তথ্য জানান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। তিনি বলেন, পূর্বে ঘোষিত সব ধরনের সহায়তা ও সুযোগ-সুবিধা বহাল থাকবে। এর পাশাপাশি প্রত্যেক শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।

গত ২৭ মে, পবিত্র ঈদুল আজহার আগের দিন, আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন ওঠে।

ঘটনার পর হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে আদ্-দ্বীন ফাউন্ডেশনের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন জানান, পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে থাকা কয়েকজন নবজাতক হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হলে তাদের দ্রুত নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর দুই শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং বাকি চার শিশুর অবস্থা ছিল সংকটাপন্ন।

তিনি বলেন, চিকিৎসকরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে শিশুদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালান এবং ভেন্টিলেশনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত ছয় নবজাতকই মারা যায়।

এ ঘটনায় স্বাস্থ্য খাত ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার কারণ অনুসন্ধান এবং দায় নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত কার্যক্রমও গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে।

ক্ষতিপূরণের এই সিদ্ধান্তকে নিহত শিশুদের পরিবারগুলোর প্রতি সহমর্মিতার প্রকাশ হিসেবে দেখা হলেও, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি বিভিন্ন মহল থেকে অব্যাহত রয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad