সিরাজগঞ্জে পৃথক নদী থেকে নিখোঁজ বৃদ্ধা ও কিশোরের মরদেহ উদ্ধার

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৪ জুন ২০২৬, ০৩:১৯ দুপুর
  • ১৮৩৪৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শতবর্ষী বৃদ্ধা ও এক কিশোর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের পৃথক ঘটনার পর আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে করতোয়া ও যমুনা নদীর দুটি ভিন্ন পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। একই দিনে পৃথক নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় দুটি গ্রামের পরিবার ও প্রতিবেশীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা হলেন—উল্লাপাড়া উপজেলার ঘাটিনা পালপাড়া গ্রামের মৃত বিষ্ণুপদ শীলের স্ত্রী শতবর্ষী বৃদ্ধা মায়া রাণী শীল এবং শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া গ্রামের লস্কর আলী মোল্লার ছেলে কিশোর তামিম হোসেন (১৪)। নিহত তামিম গাজীপুরের কোনাবাড়ি এলাকায় তার গার্মেন্টস কর্মী বাবার সাথে থাকত এবং সেখানকার একটি স্থানীয় বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত। সম্প্রতি সে গাজীপুর থেকে শাহজাদপুরে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল।

উদ্ধার অভিযানের বিষয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম জানান, গত মঙ্গলবার (২ জুন) বিকেলে উল্লাপাড়া উপজেলার ঘাটিনা পালপাড়া এলাকায় বাড়ির পাশের করতোয়া নদীতে গোসল করতে নামেন শতবর্ষী বৃদ্ধা মায়া রাণী শীল। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তিনি নিখোঁজ হন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি চৌকস ডুবুরি দল নদীতে নেমে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চালায়। তবে ঘটনার দিন ও তার পরের দিনও নদীর কোথাও তার কোনো সন্ধান মেলাতে পারেনি উদ্ধারকারীরা।


​অবশেষে নিখোঁজের দুই দিন পর আজ বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি বালু পয়েন্ট এলাকায় করতোয়া নদীতে ওই বৃদ্ধার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয় জনতা। পরে পুলিশে খবর দেওয়া হলে শাহজাদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে। দুপুরের দিকে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ সনাক্ত করার পর আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের জানান, গতকাল বুধবার (৩ জুন) দুপুরে তীব্র গরমের কারণে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বাড়ির পাশে প্রমত্তা যমুনা নদীতে গোসল করতে নেমেছিল কিশোর তামিম হোসেন। সাতার কাটার একপর্যায়ে সে হঠাৎ নদীর গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে নদীতে উদ্ধার কাজ শুরু করে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। কিন্তু বুধবার বিকেল পর্যন্ত চেষ্টা করেও তার কোনো হদিস পাওয়া যায়নি।


​আজ বৃহস্পতিবার সকালে নিখোঁজ হওয়ার স্থান থেকে কিছুটা দূরে যমুনা নদীতে কিশোর তামিমের মরদেহ ভেসে ওঠে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে আইনি কার্যক্রম ও পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য মরদেহটি স্থানীয় নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নৌ-পুলিশের প্রক্রিয়া শেষে মরদেহটি দাফনের জন্য পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad