স্কুলের শ্রেণিকক্ষে জুয়ার আসর, ভাইরাল ভিডিওতে বিএনপি নেতাসহ কয়েকজনের উপস্থিতির অভিযোগ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০১ জুন ২০২৬, ১০:৩৪ রাত
  • ৩৩৮৯৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

স্কুলের শ্রেণিকক্ষে জুয়ার আসর, ভাইরাল ভিডিওতে বিএনপি নেতাসহ কয়েকজনের উপস্থিতির অভিযোগ


কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, উপজেলার দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে নিয়মিত জুয়ার আসর বসত। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে দুলালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদ আলমের নাম উঠে এসেছে। তিনি উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক বাবুল মিয়ার ছোট ভাই।

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে বিদ্যালয়ের একটি কক্ষে বসে জুয়া খেলতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। স্থানীয় সূত্রের ভাষ্য, ভিডিওতে যুবদল নেতা মাহবুব মেম্বার, বিএনপি নেতা এরশাদ জামান এবং রুবেল মিয়াকেও দেখা গেছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বিদ্যালয় ছুটির পর রাতের বেলায় দীর্ঘদিন ধরে ওই শ্রেণিকক্ষে জুয়া ও মাদকের আড্ডা বসত। তাদের দাবি, পর্যাপ্ত নজরদারির অভাব এবং দায়িত্বশীলদের উদাসীনতার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকে ব্যবহার করে এমন কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছিল।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মাসুদ আলমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। একইভাবে বিদ্যালয়ের নৈশপ্রহরী জুয়েল মিয়া এবং প্রধান শিক্ষক মোহাম্মদ সুমন মিয়ার বক্তব্যও পাওয়া যায়নি।

ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন বলেন, “ভিডিওটি আমি দেখেছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী।”

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। ইতোমধ্যে এসআই আল-আমিনের নেতৃত্বে একটি দল তদন্ত ও অভিযান শুরু করেছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে জুয়ার আসর বসানোর অভিযোগ অত্যন্ত গুরুতর এবং নিন্দনীয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।”

ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্র পরিবেশকে ব্যবহার করে এমন কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। প্রশাসনও অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad