‘স্বাধীনতার ঘোষক জিয়ার অবদান ইতিহাসে অম্লান’— নেছারাবাদে প্রতিমন্ত্রী সোহেল মনজুর
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের অবদান অসামান্য বলে মন্তব্য করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেছেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে, অন্যথায় স্বাধীনতার প্রকৃত ইতিহাস বিকৃত হওয়ার আশঙ্কা রয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার স্বরূপকাঠি সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেছারাবাদ উপজেলা বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং স্বরূপকাঠি পৌর বিএনপি যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আহম্মদ সোহেল মনজুর বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন। তাঁর অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সময়ের দাবি।”
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন সংকটময় সময়ে জিয়া পরিবার নেতৃত্ব দিয়ে জাতিকে দিকনির্দেশনা দিয়েছে। বিএনপি একটি গণতান্ত্রিক ও উন্নয়নমুখী রাজনৈতিক দল হিসেবে দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলেও তিনি উল্লেখ করেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দলের অভ্যন্তরে বিভেদ বা গ্রুপিং না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হলে জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জনের কোনো বিকল্প নেই।
সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ