অপরাধ দমনে সিরাজগঞ্জে এলাকাভিত্তিক ‘নিরাপত্তা কমিটি’ গঠন
সিরাজগঞ্জ প্রতিনিধি: শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং অপরাধ, সহিংসতা ও মারামারি প্রতিরোধে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ‘নিরাপত্তা কমিটি’ গঠনের উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। ইতোমধ্যে কয়েকটি অপরাধপ্রবণ ও সংঘর্ষপ্রবণ এলাকায় এসব কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি এলাকায় কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর নির্দেশনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ এবং সচেতন নাগরিকদের সমন্বয়ে এসব কমিটি গঠন করা হচ্ছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ প্রতিরোধে কমিটির সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করবেন।
পুলিশ জানায়, নিরাপত্তা কমিটির সদস্যরা মারামারি, সামাজিক অস্থিরতা, মাদকসংক্রান্ত অপরাধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন। এর মাধ্যমে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে অপরাধ দমনে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের সম্পৃক্ততা ছাড়া টেকসই আইনশৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব নয়। সে কারণে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পুলিশ প্রশাসন জানিয়েছে, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সিরাজগঞ্জ গড়ে তুলতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এ লক্ষ্য অর্জনে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণ প্রয়োজন।
এদিকে জেলা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের প্রত্যাশা, জনগণ ও পুলিশের সমন্বিত প্রচেষ্টায় সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং অপরাধপ্রবণতা উল্লেখযোগ্য হারে কমে আসবে।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক