ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল, স্বস্তির যাত্রায় রাজধানী ছাড়ছেন যাত্রীরা
রাজধানীতে ঈদুল আজহার দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। শুক্রবার (২৯ মে) সকাল থেকেই ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল, পরিবহন কাউন্টার ও গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে অন্যান্য বছরের তুলনায় এবার কোথাও তেমন চাপ বা বিশৃঙ্খলা দেখা যায়নি।
মূলত যারা বিভিন্ন কারণে ঈদের আগে বাড়ি যেতে পারেননি কিংবা ছুটি পাননি, তারা এখন পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পথে রওনা হচ্ছেন।
রাজধানীর বিভিন্ন বাস কাউন্টার ও টার্মিনালে অপেক্ষমাণ যাত্রীরা জানান, ঈদের সময় নগরীর সড়ক ফাঁকা থাকায় এখন যাত্রা অনেক বেশি স্বস্তিদায়ক। যানজট কম থাকায় অল্প সময়েই গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে।
অনেকেই ঈদের প্রথম দিন ঢাকায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দ্বিতীয় দিনে আত্মীয়স্বজনদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলেও জানান।
এদিকে নির্ধারিত বাসস্ট্যান্ড ছাড়াও রাজধানীর বিভিন্ন সড়কের মোড় ও পয়েন্ট থেকে যাত্রীদের বাসে উঠতে দেখা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, সড়কে যানবাহনের চাপ কম থাকায় পরিবহন চলাচলও স্বাভাবিক রয়েছে।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক