গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ২৫
গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের যাত্রীরা আহত হন।
ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীসহ চারজন নিহত হন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ বছর বয়সী এক শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী, একজন শিশু এবং তিনজন পুরুষ রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান এবং পুলিশ সুপার হাবীবুল্লাহ।
পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক