বাটাজোরে বাসচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২৬ মে ২০২৬, ০৪:১০ দুপুর
  • ৭২৭৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাটাজোরে বাসচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু

বরিশালের গৌরনদী উপজেলার ঢাকা–বরিশাল মহাসড়কের বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া বাসের ধাক্কায় স্বামী, স্ত্রী ও তাদের একমাত্র শিশুকন্যা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উজিরপুর পৌরসভার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ (৩৯), তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের শিশুকন্যা জান্নাত আক্তার।

স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজ মাহমুদ স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে উজিরপুরের দিকে যাচ্ছিলেন। পথে বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় যানজটের কারণে তারা মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়ে থাকেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির তাজ আনন্দ পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজন গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসটি ভাঙচুর করে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় কিছু সময়ের জন্য ঢাকা–বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। তবে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একই পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad