ডুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ফুলেল সংবর্ধনা
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল দায়িত্ব গ্রহণের পর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নিজ কার্যালয়ে একে একে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী সমিতির প্রতিনিধিরা।
পরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে নবনিযুক্ত উপাচার্য বলেন, দেশের অন্যতম প্রকৌশল ও প্রযুক্তি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর দায়িত্ব গ্রহণ করতে পেরে তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।
তিনি বলেন, “গ্লোবাল ভিলেজের সুযোগ কাজে লাগিয়ে সবার সহযোগিতায় প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, প্রকাশনা এবং ইন্ডাস্ট্রি–অ্যাকাডেমিয়া কোলাবোরেশনের মাধ্যমে ডুয়েটকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে চাই।”
তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ১৪ মে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পান। দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেট-এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ ৩৪ বছরের পেশাগত জীবনে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ সিন্ডিকেট সদস্য, অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডীন, একাধিক বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেন।
গবেষণা জীবনে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের মেরি ও’কনর প্রসেস সেফটি সেন্টারে ভিজিটিং রিসার্চ স্কলার হিসেবেও কাজ করেন। এছাড়া ভারতের শ্রী ভেঙ্কটেশ্বর ইউনিভার্সিটি থেকে স্নাতক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতকোত্তর এবং আয়ারল্যান্ডের ডাবলিন সিটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ৩৫টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ এবং ৯০টিরও বেশি আন্তর্জাতিক কনফারেন্সে প্রবন্ধ উপস্থাপন করেছেন। গবেষণা ও অ্যাকাডেমিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেন।
অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল আইইওএম সোসাইটি ইন্টারন্যাশনালের জীবন সদস্য, আইইবি-র জীবন সদস্যসহ বিভিন্ন দেশি-বিদেশি পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

প্রথম দর্পণ,ডেস্ক