বৈষম্য দূর করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সমাজের সব স্তরে বিদ্যমান বৈষম্য ও অসমতা দূর করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
মঙ্গলবার (১৯ মে) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্পিকার বলেন, রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে গঠিত ‘অল পার্টি ককাস’ দেশের সামগ্রিক উন্নয়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে উন্নয়ন প্রক্রিয়ায় অবদান রাখা প্রান্তিক মানুষের ভূমিকারও আনুষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিত করা সম্ভব হবে।
বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য-এর নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন রাশেদা কে চৌধুরী, মোস্তাফিজুর রহমান, ইফতেখারুজ্জামান, আশরাফুন নাহার মিষ্টি এবং হাসিন জাহান।
বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপদ খাদ্যের অধিকার নিশ্চিত করতে সংসদীয় ককাসের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
নাগরিক সমাজের প্রতিনিধিরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক ও কারিগরি সহায়তা বাড়ানোর পাশাপাশি সরকারের রাজনৈতিক অঙ্গীকারগুলো স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে বাস্তবায়নের আহ্বান জানান।
বৈঠকের শুরুতে প্রতিনিধিদলের সদস্যরা স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁর সহধর্মিণী ও শিক্ষাবিদ দিলারা হাফিজ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
স্পিকার নাগরিক সমাজের প্রতিনিধিদের গঠনমূলক উদ্যোগ ও মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সংসদীয় কার্যক্রমে তাঁদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক