রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিস্ফোরকদ্রব্য, বিপুল পরিমাণ মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৫৪ জন, ওয়ারীতে ৭৪ জন, মতিঝিলে ৪৩ জন, তেজগাঁওয়ে ৯১ জন, মিরপুরে ১০৩ জন, গুলশানে ৬৬ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, স্পেশাল রেসপন্স ইউনিটে (এসআরইউ) ৭ জন এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ১০ জন রয়েছেন।
অভিযানকালে পুলিশ ৪টি ককটেল, বিস্ফোরিত ককটেলের ১৩টি অংশবিশেষ, ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডার, ১১ হাজার ৬১৫ পিস ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও এক পুরিয়া গাঁজা, ২ দশমিক ২ গ্রাম হেরোইন এবং ৪ বোতল দেশি মদ উদ্ধার করে।
এ ছাড়া একটি ট্রাক, ৫টি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রথম দর্পণ,ডেস্ক