গোপালগঞ্জে দুই হাজার পুলিশ সদস্য ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৪ রাত
  • ৪৯৮৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক দাবি ডিআইজির, ১৫ নভেম্বরের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান। জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, রিজার্ভ রেঞ্জ ফোর্স (আরআরএফ) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রায় দুই হাজার সদস্য এবং ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিআইজি এসব তথ্য জানান।

তিনি বলেন, সাম্প্রতিক ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। তবে কোনো নিরপরাধ ব্যক্তিকে অহেতুক হয়রানি করা হবে না। জনসাধারণের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিরাপত্তায় বাড়তি প্রস্তুতি

ডিআইজি জানান, জেলার ৬৭ কিলোমিটার মহাসড়ক, পৌরসভা ও উপজেলা শহরগুলোতে পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে।

নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো কর্মসূচিকে গুরুত্ব দিয়ে পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। ওই দিনের পরিস্থিতি বিশ্লেষণ করে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। বিজিবির কার্যক্রমও অব্যাহত থাকবে। জনজীবনের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

১৫ নভেম্বরের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন

গত ১৫ নভেম্বরের সহিংসতার ঘটনায় মামলা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে মামলা করার প্রক্রিয়া চলছে। রোববার থেকে জেলার পাঁচ থানায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর কার্যালয় খোলা থাকার বিষয়ে প্রশ্ন করা হলে ডিআইজি বলেন, জননিরাপত্তাসহ আইনশৃঙ্খলা রক্ষার সব বিষয়ে বাহিনী তৎপর রয়েছে। আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা অব্যাহত রাখবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad