জাকির নায়েকের প্রতিষ্ঠিত আইআরএফের নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বাড়াল ভারত

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ বিকাল
  • ৯৯২১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ইসলামিক স্কলার ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার জারি করা সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। আগের নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনটির কর্মকাণ্ড দেশটির নিরাপত্তা, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি তৈরি করছে বলে সরকারের ধারণা। এ কারণে ১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন—ইউএপিএর ৩ ধারার ১ উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে আইআরএফকে ‘বেআইনি সংগঠন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘোষণা পরবর্তী সময়ে ইউএপিএ ট্রাইব্যুনালেও বহাল ছিল।

সরকারি প্রজ্ঞাপনে অভিযোগ করা হয়েছে, আইআরএফ ও সংগঠনটির সদস্যরা ধর্মের ভিত্তিতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ, শত্রুতা, ঘৃণা ও বিদ্বেষ ছড়াতে অনুসারীদের উৎসাহিত ও সহায়তা দিয়ে আসছেন। এ ক্ষেত্রে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. জাকির আব্দুল করিম নায়েকের নামও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, জাকির নায়েকের বক্তব্য ও ভাষণ আপত্তিকর এবং উসকানিমূলক। আন্তর্জাতিক স্যাটেলাইট টেলিভিশন, ইন্টারনেট, মুদ্রিত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তিনি বিশ্বজুড়ে বিপুলসংখ্যক মানুষের কাছে এসব বক্তব্য প্রচার করেছেন বলে অভিযোগ করেছে ভারত সরকার। পাশাপাশি ভারত ও বিদেশের তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার অভিযোগও তোলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, আইআরএফের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা না হলে সংগঠনটি পলাতক কর্মীদের পুনরায় সংগঠিত করতে পারে। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিচ্ছিন্নতাবাদ ও জঙ্গিবাদে মদদ দেওয়ার আশঙ্কা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসব অভিযোগ ও আশঙ্কার ভিত্তিতে সংগঠনটির ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

তথ্যসূত্র: এনডিটিভি; ১৩ নভেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad