সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসি-সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ বিকাল
  • ৩০৪০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
হেমায়েতপুরে পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ; শতাধিক কারখানায় ছুটি ঘোষণা

সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম, পুলিশ সদস্য, সাংবাদিক ও শ্রমিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

বুধবার (৪ নভেম্বর) সকালে হেমায়েতপুরের পদ্মার মোড়, বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে সকাল সাড়ে ৯টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশ অবরোধ করে রাখেন শ্রমিকেরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করছিলেন। একপর্যায়ে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক থেকে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং পরে তাতে আগুন ধরিয়ে দেন। হামলায় ওসি সাইফুল আলমসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এরপর সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা ১০ মিনিট অবরোধ চলার পর সকাল ১০টা ৪০ মিনিটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে মহাসড়কে যান চলাচল শুরু হয়।

সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্যদের পাশাপাশি চারজন সাংবাদিক, দুজন ক্যামেরাপার্সন ও শ্রমিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদেরও মোতায়েন থাকতে দেখা যায়। তাঁরা মহাসড়ক ও পোশাকশিল্প অধ্যুষিত এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন।

সাভার মডেল থানার ওসি (অপারেশন) আব্দুস সবুর জানান, আন্দোলনকারীরা সাভার মডেল থানার ওসির গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ সময় হামলায় ওসি সাইফুল আলমসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আশুলিয়াতেও সংঘর্ষ

এদিকে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, কুটুরিয়া, জিরাবো ও জিরানিসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানা থেকে শ্রমিকেরা সড়কে নেমে আসেন। এসব এলাকায় শিল্প পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, দুপুরের পর থেকে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের কারণে সাভার ও আশুলিয়ার অন্তত শতাধিক তৈরি পোশাক কারখানায় বুধবার ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad