সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে একটি ইটভাটা সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে আরও ৩ টি ইটভাটাকে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের অংশ হিসেবে রায়গঞ্জ উপজেলার কালিকাপুর এলাকায় অবস্থিত মেসার্স এস অ্যান্ড বি (শিহাব) ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটার কিলন ও চিমনি ভেঙে ফেলা হয়। পাশাপাশি ভাটায় মজুত থাকা কাঁচা ইট ধ্বংস করে প্রতিষ্ঠানটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।
এ ছাড়া রায়গঞ্জ উপজেলার দত্তকুশা এলাকার মেসার্স তন্ময় ব্রিকসকে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ৩ লাখ টাকা, চান্দাইকোনা এলাকার দাথিয়ায় মেসার্স কেয়া ব্রিকসকে ১ লাখ টাকা এবং ঘুড়কা এলাকার মেসার্স উজ্জ্বল ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের বগুড়া অঞ্চল শাখার পরিচালক (উপসচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি চৌকস দল ও র্যাব-১২, সিরাজগঞ্জ সহায়তা করে। পাশাপাশি সংশ্লিষ্ট উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরাও উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় সূত্র জানায়, পরিবেশ সুরক্ষা, জনস্বাস্থ্য রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে রায়গঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার