বুধবার (২৮ অক্টোবর) রাতে ভাঙ্গার মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকা থেকে সারবোঝাই ট্রাকটি আটক করা হয়। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেন। এ সময় ট্রাকের হেলপারকেও আটক করা হয়।
দোকান থেকে সার নিয়ে যাওয়ার অভিযোগআটক ইলিয়াস হাওলাদার ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালদী গ্রামের ছোমেদ হাওলাদারের ছেলে। তিনি মালিগ্রাম বাজারের মেসার্স হাওলাদার ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং চান্দ্রা ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ডিলার।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বুধবার রাতে নিজের দোকান থেকে ২৫০ বস্তা সার ট্রাকে তুলে শিবচর উপজেলায় নেওয়ার চেষ্টা করছিলেন তিনি। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
পরে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন ও ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল ঘটনাস্থলে পৌঁছান। এরপর সারবোঝাই ট্রাক, সার ডিলার ও ট্রাকের হেলপারকে থানায় নেওয়া হয়।
ডিলারশিপ বাতিলের উদ্যোগভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২৫০ বস্তা ডিএপি সারসহ ট্রাক ও সার ডিলারকে আটক করা হয়েছে। এ ঘটনায় সার ডিলারের বিরুদ্ধে মামলা, ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জব্দ করা সারবোঝাই ট্রাক থানা হেফাজতে রয়েছে। আটক ইলিয়াস হাওলাদারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, সার পাচারের খবর পেয়ে তিনি সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠান এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রথম দর্পণ,ডেস্ক