ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৬ দশমিক ৭২ ডলারে দাঁড়িয়েছে। একই দিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে ৩ দশমিক ৮ শতাংশ।
বাজারসংশ্লিষ্টদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালাতে পারে। এ পরিস্থিতিতে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি বিবেচনায় নিয়ে বিনিয়োগকারীরা বাজারে প্রতিক্রিয়া দেখাচ্ছেন।
ব্রেন্টের দাম ছয় মাসের সর্বোচ্চে
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে প্রতি ব্যারেল ১১৬ দশমিক ৭২ ডলারে স্থির হয়। গত ২৯ এপ্রিলের পর এটি তেলটির সর্বোচ্চ সমাপনী দর।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ডব্লিউটিআইয়ের দাম ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৩ দশমিক ২৭ ডলারে দাঁড়িয়েছে।
সপ্তাহের হিসাবে ব্রেন্টের দাম বেড়েছে ৬ দশমিক ২ শতাংশ। এর মধ্য দিয়ে টানা তৃতীয় সপ্তাহের মতো বাড়ল আন্তর্জাতিক বাজারে এই তেলের দাম। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ২ শতাংশ।
সামরিক উত্তেজনায় বাড়ছে উদ্বেগ
এদিকে ইরানের সেনাপ্রধান জানিয়েছেন, সামরিক সক্ষমতা আরও জোরদার করার পর দেশটির সামরিক বাহিনী ‘অসম যুদ্ধের’ জন্য পুরোপুরি প্রস্তুত। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও পরিবহনব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হতে পারে। বিশেষ করে তেল উৎপাদন ও পরিবহনের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে অস্থিরতা দেখা দিলে বিশ্ববাজারে দামের ওপর চাপ বাড়ার আশঙ্কা থাকে।
তবে তেলের দাম বৃদ্ধির এ প্রবণতা কত দিন স্থায়ী হবে, তা নির্ভর করবে যুক্তরাষ্ট্র-ইরান পরিস্থিতির পরবর্তী গতিপ্রকৃতি এবং বৈশ্বিক সরবরাহের অবস্থার ওপর।

প্রথম দর্পণ,ডেস্ক