শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী এ সম্মেলনে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার আহ্বান
ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ৭০ শতাংশ মানুষ অংশ নিয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন। তাঁদের মধ্যে দিন এনে দিন খাওয়া মানুষ ও মেহনতি শ্রেণির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
রুকনদের উদ্দেশে জামায়াত আমির বলেন, অতীতের দায়িত্বশীলদের আত্মত্যাগ স্মরণ করে বর্তমানের স্বাধীন কর্মপরিবেশে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় এবং নবী ইবরাহিম (আ.) ও ইসমাইল (আ.)-এর ত্যাগের আদর্শ অনুসরণের ওপরও গুরুত্ব দেন তিনি।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণ তাঁদের ভোট দিলেও তা রক্ষা করা যায়নি। এটিকে নিজেদের দুর্বলতা হিসেবে উল্লেখ করে অতীতের ভুলত্রুটি চিহ্নিত করা এবং ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সিটি নির্বাচনে সৎ প্রার্থীদের পক্ষে অবস্থানের আহ্বান
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান জামায়াত আমির।
তিনি বলেন, সামর্থ্য অনুযায়ী অন্যায়ের বিরুদ্ধে সংগত প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে। একই সঙ্গে দেশ কোরআনের ভিত্তিতে পরিচালিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সম্মেলন শেষে ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধাসংবলিত ‘নাগরিক সেবা’ নামের একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান।
রুকনিয়াত পদ-পদবি নয়, নৈতিকতার মানদণ্ড
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি বা ক্ষমতার বিষয় নয়; এটি জীবন, আদর্শ ও নৈতিকতার মানদণ্ড। রুকনদের মান ও আত্মিক শক্তি যত বাড়বে, সংগঠন তত শক্তিশালী হবে বলে মন্তব্য করেন তিনি।
ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন সংগঠনটির সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন ও নুরুল ইসলাম বুলবুল এমপি।
১৩ সহস্রাধিক রুকনের ভোটগ্রহণ
সম্মেলনটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে সকাল পৌনে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ২০২৭-২০২৮ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ১৩ সহস্রাধিক রুকন সদস্য ভোট দেন।
নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন। তাঁকে সহযোগিতা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আ. সবুর ফকির। ভোটগ্রহণ শেষে বেলা ১১টা থেকে মূল সাংগঠনিক অধিবেশন শুরু হয়।

প্রথম দর্পণ,ডেস্ক