নিহতরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ হ্নীলার ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আব্দুল্লাহ (২৭) এবং চকরিয়া উপজেলার মাতামুহুরি রামপুর এলাকার মো. দুলালের ছেলে মো. ইয়াছিন (২৫)। তাঁরা দুজনই পিকআপের আরোহী ছিলেন।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়া থেকে কক্সবাজারগামী সবজিবোঝাই পিকআপটি (চট্টমেট্রো-ন-১১-৮৪৫১) নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী শ্যামলী এনআর পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-২০৭৭) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং এর দুই আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মো. সেলিম মিয়া জানান, নিহতদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম পরিচালনা করছে।

প্রথম দর্পণ,ডেস্ক