বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজা সারোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাত্র দুই ঘণ্টার মধ্যে কুকুরের কামড়ে আহত প্রায় ২২ থেকে ২৫ জন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন।
আহতদের মধ্যে বরুড়ার ফারহানা (৩৫), মনু মিয়া (৭২), তাঁর ছেলে ইকবাল (২৮), তানিয়া (৪৮) ও ফাহিমা (৩০)-এর নাম জানা গেছে। এ ছাড়া আরও কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে পৌরসভার বিভিন্ন এলাকায় একটি কুকুর পথচারীসহ সাধারণ মানুষের ওপর আকস্মিকভাবে হামলা চালায়। এতে অন্তত ২৫ জন আহত হন। একের পর এক আহত ব্যক্তি হাসপাতালে আসায় চিকিৎসাসেবা দিতে চিকিৎসকদের হিমশিম খেতে হয়।
ঘটনার পর থেকে শিশু ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। কুকুরটির আক্রমণের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ডা. রেজা সারোয়ার বলেন, ‘মাত্র দুই ঘণ্টার মধ্যে প্রায় ২২ থেকে ২৫ জন কুকুরের কামড়ে আহত হওয়ার কথা জানিয়ে হাসপাতালে এসেছেন। এগুলো পাগলা কুকুরের কামড় হয়ে থাকলে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একই সময়ে এত মানুষ কীভাবে কুকুরের আক্রমণের শিকার হলেন, বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।’
তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে চিঠি দেওয়া হবে।

প্রথম দর্পণ,ডেস্ক