শীতের আগমনে পাখির কলকাকলিতে মুখর চলনবিল

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৩ দুপুর
  • ৮৮৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে অতিথি পাখির পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে দেশের অন্যতম বৃহৎ জলাভূমি চলনবিল। ভোরের আলো ফুটতেই বিলের জল-আকাশজুড়ে দেখা মিলছে সাদা বক, পানকৌড়ি, শামুকখোল, বালিহাঁস ও গাংচিলসহ নানা প্রজাতির পাখির। ঝাঁকে ঝাঁকে পাখির উড়াউড়ি, জল থেকে মাছ শিকার আর কলকাকলিতে মুখর হয়ে উঠেছে বিস্তীর্ণ বিলাঞ্চল।

নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে অবস্থিত চলনবিলের বিভিন্ন অংশে এখন পাখিদের এমন বিচরণ প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করছে। বিশেষ করে নাটোর-বগুড়া মহাসড়কের দুই পাশ এবং সিংড়া-বারুহাস-তাড়াশ সড়কের আশপাশের জলাভূমিতে অতিথি পাখির উপস্থিতি চোখে পড়ার মতো।

বিলের অল্প পানিতে ডুব দিয়ে পুঁটি, পাতাসি ও মলাসহ ছোট মাছ শিকারে ব্যস্ত থাকছে পাখিরা। কোথাও ঝাঁকে ঝাঁকে পানকৌড়ির ডুবসাঁতার, কোথাও আবার বকের স্থির দাঁড়িয়ে শিকারের অপেক্ষা—সব মিলিয়ে চলনবিলের প্রাকৃতিক পরিবেশ পেয়েছে নতুন প্রাণ।

পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় তৎপরতা

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি ও বিল হালতী ত্রিমোহনী কলেজের সহকারী অধ্যাপক আখতারুজ্জামান জানান, প্রতিবছর এ সময় খাবারের সন্ধানে বক, বালিহাঁস, পানকৌড়ি ও শামুকখোলসহ বিভিন্ন প্রজাতির পাখি চলনবিলে আসে। এসব পাখির অবাধ বিচরণ বিলের প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে তোলে।

তবে পাখির এই আগমনকে কেন্দ্র করে কিছু অসাধু শিকারি ফাঁদ পেতে পাখি শিকার করেন বলেও জানান তিনি। পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় তাঁদের কমিটি ২০১২ সাল থেকে বিলের দুর্গম এলাকায় কাজ করছে। পাখি শিকারের তথ্য প্রশাসনকে জানানো, সচেতনতা তৈরি এবং সংরক্ষণমূলক কর্মসূচি পরিচালনা করছেন তাঁরা।

শিকারিদের বিরুদ্ধে ব্যবস্থা, নিরাপদ আবাসের উদ্যোগ

সিংড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, চলনবিল জীববৈচিত্র্যে সমৃদ্ধ একটি জলাভূমি। এ সময়ে বিলে অসংখ্য পাখির আগমন ঘটেছে। পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা ভোর থেকে কাজ করছেন।

তিনি জানান, কমিটির সদস্যদের সহযোগিতায় ইতোমধ্যে কয়েকজন অসাধু পাখি শিকারিকে জেল-জরিমানা করা হয়েছে। এসব উদ্যোগের ফলে পাখির নিরাপদ বিচরণক্ষেত্র তৈরিতে সহায়তা মিলছে।

পর্যটন সম্ভাবনা কাজে লাগানোর পরিকল্পনা

স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, চলনবিলের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে এলাকাটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। বিলের পাখি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ।

প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা করা গেলে চলনবিলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি পর্যটন সম্ভাবনাও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad