রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম, নভেম্বরে গ্রিডে বিদ্যুতের লক্ষ্য

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২১ অক্টোবর ২০২৬, ০২:৩৯ দুপুর
  • ৩১৫৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের দ্বিতীয় চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৫ মিনিটের দিকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে চালানটি কেন্দ্রের নির্ধারিত স্থানে নেওয়া হয়।

এর আগে গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে বিশেষ কার্গো উড়োজাহাজে রাশিয়া থেকে ভারত হয়ে ইউরেনিয়ামের চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় সড়কপথে তা ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকায় নেওয়া হয়।

প্রথম ইউনিটে শুরু হয়েছে পারমাণবিক বিক্রিয়া

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে গত ১১ অক্টোবর থেকে পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে। এর আগে ৮ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) অনুমোদনের পর প্রথম ইউনিটের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার পথ উন্মুক্ত হয়।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রূপপুর কেন্দ্রে তৃতীয় প্রজন্মের ভিভিইআর-১২০০ (VVER-1200) প্রযুক্তির পারমাণবিক চুল্লি স্থাপন করা হয়েছে। এ প্রযুক্তির সাহায্যে নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে প্রকল্পের কার্যক্রম এগিয়ে চলছে।

নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, আগামী নভেম্বরের শেষ দিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের চালান পৌঁছানো প্রকল্পের অগ্রগতিতে নতুন সংযোজন। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু হলে জাতীয় গ্রিডে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad