পাঁচ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২১ অক্টোবর ২০২৬, ১২:৪৬ দুপুর
  • ২৭২৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
চিকিৎসাসামগ্রীর সংকট নিরসন, নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।চিকিৎসাসামগ্রীর সংকট, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকেরা জানান, হাসপাতালের বিভিন্ন ভর্তি ওয়ার্ডে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসরঞ্জামের তীব্র সংকট রয়েছে। পাশাপাশি রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্বপালনরত আনসার সদস্যদের অবহেলার কারণে চিকিৎসকদের প্রায়ই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এমনকি সংঘবদ্ধভাবে হুমকির শিকার হওয়ার অভিযোগও করেছেন তাঁরা।

চিকিৎসকদের ভাষ্য, পর্যাপ্ত চিকিৎসাসামগ্রী ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হওয়ায় দায়িত্ব পালন কঠিন হয়ে পড়েছে। এসব সমস্যার দ্রুত সমাধান না হলে চিকিৎসাসেবার স্বাভাবিক পরিবেশ বজায় রাখা কঠিন হবে।

ওয়ার্ডে রোগীর চাপ, বাড়ছে ভোগান্তি

ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। সীমিত জনবল ও অপ্রতুল চিকিৎসাসরঞ্জাম নিয়ে বিপুলসংখ্যক রোগীকে সেবা দিতে গিয়ে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।

এ পরিস্থিতিতে চিকিৎসাসেবার মান বজায় রাখা এবং রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ছে বলে জানান আন্দোলনকারীরা।

আশ্বাসেও সমাধান না হওয়ায় কর্মবিরতি

ইন্টার্ন চিকিৎসকদের দাবি, এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে পাঁচ দফা দাবি আদায়ে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে গেছেন তাঁরা।

এদিকে, বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মবিরতির কারণ, দাবিগুলোর বিস্তারিত এবং পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানানো হবে বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এস এম তপু।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad