বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, পাঁচ দিন বৃষ্টির আভাস

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২১ অক্টোবর ২০২৬, ১২:১০ দুপুর
  • ৩৯৬৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
উত্তরাঞ্চলে বাড়ছে শীতের অনুভূতি, আপাতত তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই

কার্তিকের শুরুতে দেশের উত্তরাঞ্চলে রাত ও ভোরে শীতের আমেজ অনুভূত হচ্ছে। এর মধ্যেই বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিনের পূর্বাভাসের শেষভাগে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে। তবে এর আগে কয়েক দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী শুক্রবার দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কয়েক দিন শুষ্ক থাকবে আবহাওয়া

পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে; রাতে সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার থেকে পরবর্তী তিন দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক ও অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ২৩ অক্টোবরের দিকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের প্রভাবে বর্ধিত পাঁচ দিনের শেষভাগে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লঘুচাপটি কতটা শক্তিশালী হয়, তার ওপর বৃষ্টিপাত ও তাপমাত্রার পরিবর্তন নির্ভর করবে।

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৪ ডিগ্রি

দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যের কারণে উত্তরাঞ্চলে ভোর ও শেষরাতে শীতের অনুভূতি বাড়ছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েক দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই দিন চট্টগ্রামের আমবাগানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সোমবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ২ ডিগ্রি এবং আমবাগানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদদের মতে, উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা কমতে থাকলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। তবে হেমন্তের শুরুতে তাপমাত্রা কমে যাওয়া মানেই তীব্র শীতের আগমন নয়।

এল নিনোর প্রভাব নিয়ে শঙ্কা

শীতের আগমনী আবহ তৈরি হলেও এবার শীতের তীব্রতা ও স্থায়িত্ব কেমন হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। প্রতিবেদনে বিশ্ব আবহাওয়া সংস্থার সাম্প্রতিক পূর্বাভাসের বরাত দিয়ে বলা হয়েছে, নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে ‘এল নিনো’ পরিস্থিতি জোরালো হচ্ছে।

এর প্রভাবে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ এশিয়ার অধিকাংশ এলাকায় দিনের সর্বোচ্চ ও রাতের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। সে ক্ষেত্রে বাংলাদেশে শীত তুলনামূলক উষ্ণ হতে পারে কিংবা এর স্থায়িত্ব কম হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক ও শাহীনুল ইসলাম জানান, হেমন্তের শুরুতে তাপমাত্রা কমলেই তীব্র শীতের পূর্বাভাস দেওয়া যায় না। আগামী কয়েক মাসে বাতাসের গতিপ্রকৃতি, ঘন কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং জলবায়ুর সাময়িক পরিবর্তনের ওপর শীতের প্রকৃতি নির্ভর করবে। বঙ্গোপসাগরের লঘুচাপের শক্তি ও গতিপথও আগামী দিনগুলোর বৃষ্টিপাত এবং তাপমাত্রার ওঠানামায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad