প্রভাবশালী হলেও অপরাধীকে ছাড় নয়: আইনমন্ত্রী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২০ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ বিকাল
  • ১৫২৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
শৈলকুপায় ১২৮ পূজামণ্ডপে চাল বরাদ্দ, ১৬ মন্দিরে অনুদানের ঘোষণা

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অপরাধী যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। দলীয় পরিচয় কিংবা রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের শৈলকুপা গড়তে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় বাঘিনী দুর্গামন্দির পরিদর্শন শেষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা

মাদকবিরোধী অভিযান জোরদারের আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, এলাকায় মাদকসেবী, বিক্রেতা বা কারবারির সন্ধান পাওয়া গেলে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে তালিকা পাঠানো যাবে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও অবৈধ সুবিধা আদায়ের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, কোনো জনপ্রতিনিধি বা নেতার নাম ভাঙিয়ে কেউ টাকা দাবি করলে তাকে আটক করে প্রশাসনের হাতে তুলে দিতে হবে। অপরাধী যে দলেরই হোক, তাকে রেহাই দেওয়া হবে না।

১২৮ পূজামণ্ডপে চাল বরাদ্দ

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের বিষয়ে মন্ত্রী জানান, শৈলকুপা থানার ১২৮টি পূজামণ্ডপে সরকারি সহায়তা ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি মণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে আরও ৪০টি মণ্ডপে অতিরিক্ত ৫০০ কেজি করে চাল সরবরাহ করা হয়েছে বলে জানান তিনি।

শৈলকুপার ১৬টি বিশেষ মন্দিরের প্রতিটিকে ১ লাখ ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণাও দেন আইনমন্ত্রী। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে এ অর্থ পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান

ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে আসাদুজ্জামান বলেন, ধর্মীয় বিশ্বাস ভিন্ন হলেও সবার পরিচয় বাংলাদেশি। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্ভয়ে ও আনন্দের সঙ্গে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন ও নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রশাসনিক অনিয়ম বন্ধের দাবি

উপজেলার উন্নয়ন ও প্রশাসনিক অনিয়মের প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, অতীতে চাকরি কিংবা সড়ক নির্মাণের বরাদ্দের অর্থ ছাড়ের ক্ষেত্রে কমিশন বাণিজ্যের অভিযোগ ছিল। সরকারি হাসপাতালের ওষুধ বরাদ্দের অর্থ নিয়েও অনিয়ম হতো। এসব অনিয়ম বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে শৈলকুপা হাসপাতালে একটি বিশেষ তহবিল গঠনের কথাও জানান মন্ত্রী। তাঁর ভাষ্য, ব্যক্তিগত শুভাকাঙ্ক্ষীরা প্রতি মাসে এ তহবিলে পাঁচ লাখ টাকা করে অনুদান দিচ্ছেন। এ অর্থ দিয়ে অসচ্ছল রোগীদের চিকিৎসাসহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

উন্নয়নে সবার সহযোগিতা কামনা

শৈলকুপাকে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের পথে এগিয়ে নিতে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী। দুর্নীতি, অপরাধ ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।

বাঘিনী দুর্গামন্দির পরিদর্শন ও সুধী সমাবেশে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হুসাইন, পুলিশ সুপার আশিস বিন হাসান, শৈলকুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, সহকারী পুলিশ সুপার ইসফাকুল কবির সরকার এবং শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লাহ। এ ছাড়া স্থানীয় বিএনপির নেতারা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের রিডার ড. প্রদীপ কুমার শাহা, তাঁর সহধর্মিণী চামেলী সাহা এবং কন্যা ডা. প্রথা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad