পুঠিয়ায় পাটবোঝাই টলিতে নসিমনের ধাক্কা, প্রাণ গেল ব্যবসায়ীর

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০২ বিকাল
  • ২৯৩৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর সড়কে ধানবোঝাই নসিমনের ধাক্কায় পাটবোঝাই একটি টলি গাড়ি উল্টে আয়েজ উদ্দিন মোল্লা (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ধোকড়াকুল আখ সেন্টারের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ধানবোঝাই নসিমনটি পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

নিহত আয়েজ উদ্দিন মোল্লা বাগমারা উপজেলার রামরামা থান্দারপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত ফায়াজ মোল্লা।

স্থানীয় সূত্রে জানা যায়, আয়েজ উদ্দিন ও টলিচালক মো. শুভ তাহেরপুর থেকে প্রায় ১০০ মণ পাট নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত টলিতে করে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে ধোকড়াকুল আখ সেন্টারের কাছে পেছন থেকে আসা ধানবোঝাই একটি নসিমন তাঁদের গাড়িটিকে ধাক্কা দেয় বলে অভিযোগ রয়েছে। এতে পাটবোঝাই টলিটি উল্টে গেলে নিচে চাপা পড়েন আয়েজ উদ্দিন।

পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

টলিচালক মো. শুভ বলেন, তাঁর গাড়ির পেছনে তিন-চারটি ট্রাক ছিল, যেগুলো সহজেই চলে যায়। কিন্তু ধানবোঝাই নসিমনটি তাঁদের গাড়িতে ধাক্কা দিলে টলিটি উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়।

আয়েজ উদ্দিনের মৃত্যুর খবর পেয়ে তাঁর স্বজনেরা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। সেখানে তাঁদের আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, দুর্ঘটনার বিস্তারিত তখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad