বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা জরুরি। তবে তদন্ত শেষ হওয়ার আগেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতে ইসলামীকে এ ঘটনার সঙ্গে জড়ানোর চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী আইনের শাসন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠন। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ উঠলে তার বিচার করার দায়িত্ব আইন ও আদালতের। আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা গণপিটুনি দিয়ে কাউকে বিচারবহির্ভূতভাবে শাস্তি দেওয়ার সুযোগ নেই। জামায়াত এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করে না।
তিনি আরও বলেন, কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকলে তার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ বিচার নিশ্চিত করতে হবে। তথ্য-প্রমাণ যাচাই না করে কোনো রাজনৈতিক দল বা সংগঠনকে দায়ী করা হলে প্রকৃত ঘটনা আড়াল হওয়ার আশঙ্কা থাকে। এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানোও অনভিপ্রেত।
বিবৃতিতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্তকরণ এবং নিহত শামীমের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান জামায়াতের এই নেতা।
একই সঙ্গে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের এবং তথ্য যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে অভিযোগ প্রচার না করার অনুরোধ জানান তিনি।

প্রথম দর্পণ,ডেস্ক