মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ বিকাল
  • ২৯০৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
মালয়েশিয়ার কেদাহ রাজ্যের কুলিমের পাদাং মেহায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ১৯৯ বাংলাদেশিসহ ৬৩০ বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। সোমবার বেলা ১১টার দিকে ‘অপস মেগা’ নামের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬৯৭ জন বিদেশি ও মালয়েশীয় নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মালয়েশিয়ার অভিবাসন বিভাগের কেদাহ রাজ্য শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ১৯৯ বাংলাদেশি

অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, আটক ৬৩০ জনের মধ্যে ৬২২ জন পুরুষ ও আটজন নারী। তাদের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে।

জাতীয়তাভিত্তিক হিসাবে আটক ব্যক্তিদের মধ্যে ৩৯৬ জন চীনা নাগরিক এবং ১৯৯ জন বাংলাদেশি। এ ছাড়া পাকিস্তানের ১০, মিয়ানমারের সাত, ভারতের পাঁচ, ঘানার চার, নাইজেরিয়ার তিন, কেনিয়ার দুজন, ইন্দোনেশিয়ার দুজন, নিউজিল্যান্ডের একজন এবং সেনেগালের একজন নাগরিক রয়েছেন।

আটক বাংলাদেশিদের মধ্যে ১৯৮ জন পুরুষ ও একজন নারী। ইন্দোনেশিয়ার আটক দুই নাগরিকই নারী; অন্য দেশগুলোর আটক ব্যক্তিরা পুরুষ।

অভিযানে অংশ নেন ১৫৯ কর্মকর্তা

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিবাসন বিভাগের গোয়েন্দা ও বিশেষ অভিযান শাখার তথ্য এবং নজরদারির ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। এতে কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন শাখার মোট ১৫৯ জন কর্মকর্তা অংশ নেন।

অভিযানে কেদাহ, পারলিস, পেরাক, কুয়ালালামপুর ও নেগেরি সেম্বিলান রাজ্যের কর্মকর্তারাও যুক্ত ছিলেন। আইন প্রয়োগ শাখা, গোয়েন্দা ও বিশেষ অভিযান শাখা এবং বিশেষ কৌশলগত দলের সদস্যরা অভিযান পরিচালনায় দায়িত্ব পালন করেন।

পালানোর চেষ্টা, উত্তেজনাকর পরিস্থিতি

অভিযান চলাকালে কয়েকজন আটক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। কেউ কেউ ঝুঁকিপূর্ণ স্থানে লুকিয়ে পড়েন, এমনকি নির্মাণাধীন ভবনের ছাদেও উঠে যান। এ সময় একদল আটক ব্যক্তির উসকানিমূলক আচরণে অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে কর্মকর্তারা দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইনের আওতায় বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। তদন্তের প্রয়োজনে সাক্ষীদের সহায়তা নিতে ছয়টি সমনও জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিয়োগকর্তাদের সতর্কবার্তা

বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নিয়োগকর্তা, প্রধান ঠিকাদার ও উপঠিকাদারদের সতর্ক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। বিদেশি কর্মীদের বৈধ ভ্রমণ নথি এবং অনুমোদিত পাস বা ওয়ার্ক পারমিট রয়েছে কি না, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অভিবাসন বিভাগের নির্ধারিত সব শর্ত মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মালয়েশিয়ার অভিবাসন আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad