তুহিন হত্যা মামলা: ফের জামিন পেলেন আইভী, পুলিশি তদন্তে সম্পৃক্ততার প্রমাণ মেলেনি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২৩ বিকাল
  • ৩০২২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে শুনানি শেষে বিচারক আবু শামীম আজাদ তাঁর জামিন মঞ্জুর করেন।

আদালত থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন আইভী। এ সময় তিনি বলেন, ‘জয় বাংলা দাবিয়ে রাখা যাবে না।’

মামলার তদন্তে সম্পৃক্ততার প্রমাণ মেলেনি: আইনজীবী

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন। তিনি বলেন, এ মামলায় পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্তে বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি এবং মামলায় আইভীর সংশ্লিষ্টতারও প্রমাণ মেলেনি।

আইনজীবী আরও জানান, নোটিশ দেওয়া সত্ত্বেও মামলার বাদী ও নিহতের স্ত্রী আলেয়া আক্তার মিম আদালতে হাজির হননি। পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের পাশাপাশি আইভীর পুনরায় জামিনের আবেদন করেন তাঁরা।

অন্যদিকে, জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাকির হোসেন বলেন, এ জামিনের বিরুদ্ধে নারাজি পিটিশন দেওয়া হবে। এর জবাবে আইভীর আইনজীবীসহ আসামিপক্ষের অন্য আইনজীবীরা জানতে চান, পিপি কোন আইনে নারাজি পিটিশন দেবেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত আইভীর জামিন মঞ্জুর করেন।

মহাসড়কে রিকশাচালক তুহিন নিহত

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জে ব্র্যাক ব্যাংকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রিকশাচালক তুহিন নিহত হন। এ ঘটনায় করা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে এক নম্বর এবং ডা. সেলিনা হায়াৎ আইভীকে ১১ নম্বর আসামি করা হয়।

মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলা আদালতে পৌঁছান আইভী। পরে পুলিশি পাহারায় তাঁকে আদালতকক্ষে নেওয়া হয়। এ সময় তাঁর সঙ্গে বিপুলসংখ্যক আইনজীবী, সাংবাদিক ও সমর্থক উপস্থিত ছিলেন।

ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি। দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। যুগান্তরের প্রতিবেদন অনুযায়ী, হাইকোর্ট থেকে তিনি তাঁর সব মামলায় জামিনে রয়েছেন বলে জানা গেছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad