হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ৫ নতুন সুবিধা, অ্যাপ ছাড়াই করা যাবে ভিডিও কল

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১৪ বিকাল
  • ১৯১৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে পাঁচটি নতুন ফিচার। নতুন সুবিধাগুলোর মধ্যে রয়েছে আলাদা অ্যাপ ইনস্টল না করেই ওয়েব ব্রাউজার থেকে অডিও ও ভিডিও কল, কল চালু রেখেই ডিভাইস পরিবর্তন, গ্রুপ কলে প্রবেশের অনুমতি নিয়ন্ত্রণ, উন্নত ভিডিও মান এবং আশপাশের অনাকাঙ্ক্ষিত শব্দ কমানোর ব্যবস্থা। এসব ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের কলিং অভিজ্ঞতা আরও সহজ, উন্নত ও নিরাপদ করার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি প্রকাশিত এক ব্লগ পোস্টে নতুন ফিচারগুলোর বিষয়ে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, সুবিধাগুলো পর্যায়ক্রমে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। তবে সব ফিচার সবার কাছে পৌঁছানোর নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

ব্রাউজার থেকেই অডিও-ভিডিও কল

নতুন সুবিধার ফলে কম্পিউটার বা ল্যাপটপে আলাদা অ্যাপ ডাউনলোড না করেই ব্রাউজার থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে ব্যক্তিগত ও গ্রুপ অডিও-ভিডিও কল করা যাবে। এতে অফিসের কিংবা অন্যের কম্পিউটার ব্যবহার করেও সহজে কল করার সুযোগ তৈরি হবে।

কল চালু রেখেই বদলানো যাবে ডিভাইস

চলমান কল বিচ্ছিন্ন না করেই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরের সুবিধা যুক্ত হচ্ছে। ফলে মোবাইলে শুরু করা কল প্রয়োজনে ল্যাপটপ বা কম্পিউটারে সরিয়ে নেওয়া যাবে। এতে কথোপকথন অব্যাহত রেখে সুবিধামতো ডিভাইস পরিবর্তন করা সম্ভব হবে।

গ্রুপ কলে প্রবেশে থাকবে নিয়ন্ত্রণ

গ্রুপ কলে কারা যোগ দিতে পারবেন, তা নিয়ন্ত্রণে রাখতে ওয়েটিং রুমের মতো ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। আয়োজক বা হোস্ট ‘রিকোয়েস্ট টু জয়েন’ সুবিধা ব্যবহার করে কলের লিংক পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে লিংকে ক্লিক করলেই কেউ সরাসরি কলে প্রবেশ করতে পারবেন না; তাঁকে হোস্টের অনুমোদন নিতে হবে।

কলের শুরু থেকেই স্পষ্ট ভিডিও

ভিডিও কলের শুরুতে নেটওয়ার্ক সংযোগ স্থাপনের সময় ছবি ঝাপসা দেখানোর সমস্যা কমাতে ‘কুইক এইচডি’ সুবিধা আনা হচ্ছে। এর মাধ্যমে কলের প্রথম মুহূর্ত থেকেই আরও স্পষ্ট ও উন্নত মানের ভিডিও দেওয়ার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

কোলাহল কমাবে নয়েজ সাপ্রেশন

নতুন ‘নয়েজ সাপ্রেশন’ সুবিধা রাস্তা, বাজার কিংবা অফিসের মতো কোলাহলপূর্ণ পরিবেশে কথা বলার সময় আশপাশের অনাকাঙ্ক্ষিত শব্দ কমাতে সহায়তা করবে। গাড়ির হর্ন, বাতাসসহ বিভিন্ন ধরনের শব্দ কমিয়ে অপর প্রান্তের ব্যক্তির কাছে কণ্ঠস্বর আরও স্পষ্টভাবে পৌঁছাতে সাহায্য করবে ফিচারটি। ইন-কল সেটিংস থেকে এটি চালু বা বন্ধ করা যাবে।

কলের গোপনীয়তা সুরক্ষিত রাখার কথা

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ওয়েব কলিংসহ কলিং সুবিধাগুলোতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন বজায় থাকবে। ফলে কলের কথোপকথনের গোপনীয়তা সুরক্ষিত রাখার ব্যবস্থা অব্যাহত থাকবে।

নতুন ফিচারগুলো ধাপে ধাপে চালু করা হবে। তাই ব্যবহারকারীদের প্রত্যেকে একই সময়ে সব সুবিধা নাও পেতে পারেন। কোন ফিচার কখন সবার জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad