বুধবার (১৪ অক্টোবর) চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে পিএসজি। ম্যাচের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে সিটির বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগ এবং সম্ভাব্য শাস্তি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন স্প্যানিশ এই কোচ।
এনরিকে বলেন, এ ধরনের অভিযোগের কথা শুনলে প্রথমে অবাক হতে হয়। তবে সংশ্লিষ্ট প্রক্রিয়ার প্রতি সম্মান দেখিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত।
সিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ
ইংলিশ প্রিমিয়ার লিগের অভিযোগ, বাণিজ্যিক চুক্তির মাধ্যমে আয় বাড়িয়ে দেখানো এবং ব্যয় কম দেখানোর মতো অনিয়মের মাধ্যমে ম্যানচেস্টার সিটি ৯০ কোটি পাউন্ডের বেশি আর্থিক অসংগতি করেছে। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে ইংলিশ ক্লাবটি।
অভিযোগের পরিপ্রেক্ষিতে সিটির বিরুদ্ধে জরিমানা, পয়েন্ট কেটে নেওয়া কিংবা অবনমনের মতো শাস্তির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এমনকি অতীতে জেতা শিরোপা কেড়ে নেওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মাঠের অর্জনকে স্বীকৃতি এনরিকের
সিটির সম্ভাব্য শাস্তি নিয়ে মন্তব্য করতে গিয়ে ক্লাবটির মাঠের পারফরম্যান্সের প্রশংসা করেন এনরিকে। তাঁর মতে, ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে সিটির অর্জনকে অস্বীকার করার সুযোগ নেই।
পিএসজি কোচ বলেন, ‘আমি যদি শুধু ফুটবল আর মাঠে যা দেখি, তা নিয়ে কথা বলি, তাহলে বলব, ম্যানচেস্টার সিটি ট্রফিগুলোর যোগ্য দাবিদার। তাদের খেলার ধরন আমার খুব ভালো লাগে।’
এনরিকে আরও বলেন, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তাই চূড়ান্ত রায়ের আগে এ বিষয়ে বাড়তি মন্তব্য করতে চান না তিনি।
তাঁর ভাষ্য, ‘সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যাদের, তারা সেটি নেবেন। আমাদের অপেক্ষা করতে হবে। আমার মনে হয়, মাঠে জেতা ট্রফিগুলো মাঠেই থাকা উচিত। সিটি সেগুলো জেতার যোগ্য। আশা করি, তারা এই শাস্তি এড়াতে পারবে।’
সিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সম্ভাব্য শাস্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান না এনরিকে। তবে মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে অর্জিত শিরোপা কেড়ে নেওয়ার পক্ষে নন তিনি।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স