নব্বইয়ের দশকের বাংলা রক সংগীতের জনপ্রিয়তা ও স্মৃতি ফিরিয়ে আনতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্ট। এতে একই মঞ্চে সংগীত পরিবেশন করবেন নগর বাউলের জেমস ও আর্ক ব্যান্ডের হাসান। তাঁদের সঙ্গে পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য।
আগামী শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় কনসার্টটি অনুষ্ঠিত হবে।
আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশন তাদের ফেসবুক পোস্টে কনসার্টে অংশ নেওয়া শিল্পী ও ব্যান্ডগুলোর তথ্য জানিয়েছে। আয়োজনে গিটারিস্ট ওনি হাসান ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন। পাশাপাশি একক পরিবেশনাও করবেন তিনি। এ ছাড়া একে রাহুলেরও পারফর্ম করার কথা রয়েছে।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি পাওয়া গেছে। গত সোমবার (১২ অক্টোবর) টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা।
দীর্ঘদিন পর জেমস ও হাসানকে একই মঞ্চে দেখার সুযোগ তৈরি হওয়ায় কনসার্টটি দেশের রক সংগীতপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স