আবহাওয়া অধিদপ্তরের বুধবার সকাল ৯টার পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কমঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৫ ডিগ্রিআবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঢাকা ও সন্দ্বীপে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া নারায়ণগঞ্জ, ফরিদপুর, মৌলভীবাজার, চাঁদপুর, ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে।
বুধবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের কয়েকটি এলাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে পটুয়াখালীর খেপুপাড়ায় সর্বোচ্চ ৩৯ মিলিমিটার, রাঙামাটিতে ২৭ মিলিমিটার, চট্টগ্রামে ২ মিলিমিটার এবং কক্সবাজারে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আমবাগানেও সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হয়নি।
মৌসুমি বায়ু বিদায়ের পরও হতে পারে বৃষ্টিআবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, মৌসুমি বায়ু বিদায়ের পর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ায় তাপমাত্রা বাড়লেও ভ্যাপসা গরমের অস্বস্তি তুলনামূলক কম অনুভূত হচ্ছে। বর্ষা মৌসুম শেষ হলেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।
তিনি জানান, দেশের মোট বৃষ্টিপাতের প্রায় ৭২ শতাংশ বর্ষাকালে হয়ে থাকে। তবে বছরের অন্য সময়েও বৃষ্টিপাত হয়। বিশেষ করে অক্টোবর ও নভেম্বরে বঙ্গোপসাগরে লঘুচাপ কিংবা ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তার প্রভাব দেশের আবহাওয়ায় পড়তে পারে।
এদিকে, উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী কয়েক দিনে দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক