মোবাইল কোর্টে জরিমানার জেরে কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৬, ১২:১৮ দুপুর
  • ২৬২০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
পিরোজপুরের নাজিরপুরে লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানার পর এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক সার ব্যবসায়ীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার দীঘিরজান বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা নাজিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত সার ব্যবসায়ীর নাম মো. বাবুল মোল্লা (৫৫)। আর অভিযোগকারী উপসহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার মল্লিক (৪৬)। পুলিশ জানিয়েছে, সরকারি কর্মকর্তার ওপর হামলার অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বাবুল মোল্লা দীর্ঘদিন ধরে দীঘিরজান বাজারে লাইসেন্স ছাড়াই সার বিক্রি করে আসছিলেন। এ বিষয়ে পূর্বের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে দায়িত্ব পালন করেন উপসহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার মল্লিক।

অভিযানকালে বাবুল মোল্লার দোকান ও গুদাম থেকে দুই বস্তা ইউরিয়া, সাড়ে তিন বস্তা ডিএপি, এক বস্তা এমওপি এবং পাঁচ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

অভিযোগে বলা হয়েছে, অভিযান শেষে বিকেল সোয়া পাঁচটার দিকে বিপুল কুমার মল্লিক ব্যক্তিগত কাজে বাজারে গেলে বাবুল মোল্লা তাঁর পথরোধ করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করার কারণে তাঁকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার হুমকি দিয়ে বাঁশের লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এ সময় তাঁকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত কর্মকর্তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা বলেন, পূর্বের অভিযোগের ভিত্তিতে লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাবুল মোল্লাকে জরিমানা করা হয় এবং সার জব্দ করা হয়। অভিযানের সময় তিনি তাঁর সঙ্গেও অসদাচরণ করেন। পরে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করার পর বাবুল মোল্লা উপসহকারী কৃষি কর্মকর্তা বিপুল মল্লিকের ওপর হামলা চালিয়েছেন বলে তিনি শুনেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব বলেন, বাবুল মোল্লার দোকান থেকে অবৈধভাবে মজুত করা সার জব্দ করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান শেষে চলে আসার পর কৃষি বিভাগের এক কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad