রূপপুরের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪২ দুপুর
  • ২৬২৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
প্রথম ইউনিটে চালু অপারেটর সহায়ক প্রযুক্তি, পর্যবেক্ষণে থাকবে ৭ হাজারের বেশি প্যারামিটার

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে অটোমেটেড প্রসেস কন্ট্রোল সিস্টেম (এপিসিএস) বা স্বয়ংক্রিয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপনের কাজ শেষ হয়েছে। একই সঙ্গে প্রথম ইউনিটে চালু করা হয়েছে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস), যা বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় সম্ভাব্য বিচ্যুতি শনাক্ত এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। রাশিয়ার বাইরে রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের নির্মিত কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এই প্রযুক্তি প্রথমবারের মতো বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার রোসাটমের মিডিয়া উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোসাটমের অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস (আরএএসইউ) সরবরাহ করা এপিসিএসে ৪৩টি সিস্টেমের আওতায় প্রায় ২০ হাজার যন্ত্রপাতি রয়েছে। এসব যন্ত্রপাতির মাধ্যমে চুল্লির স্থিতিশীলতাসহ বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন প্রক্রিয়ার সাত হাজারের বেশি প্যারামিটার পর্যবেক্ষণ করা হবে। এর ফলে কেন্দ্র পরিচালনায় নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও দক্ষতা বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্তে সহায়তা

রূপপুর প্রকল্প পরিচালনাকারী প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, ওআইএসএস স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিদ্যুৎ ইউনিটের ডিজিটাল টুইন প্রযুক্তি ব্যবহার করে আরএএসইউ এটি তৈরি করেছে।

তিনি জানান, প্রথম ইউনিটে সিস্টেমটি সংযুক্ত করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্র চালুর প্রস্তুতিমূলক কার্যক্রমেও এটি ভূমিকা রাখছে। দ্বিতীয় ইউনিটেও একই প্রযুক্তি বাস্তবায়ন করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওআইএসএস ৩৬০টি প্রক্রিয়াসংশ্লিষ্ট সিস্টেম থেকে তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য বিচ্যুতি শনাক্ত করতে পারে। জরুরি পরিস্থিতিতে অপারেটরদের করণীয় সম্পর্কে পরামর্শ দিতে এতে ৮০টির বেশি নির্দেশিকা রয়েছে। জটিল পরিচালনসংক্রান্ত তথ্য সহজভাবে উপস্থাপনের মাধ্যমে নিয়ন্ত্রণকক্ষের কর্মীদের দ্রুত ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতেও সহায়তা করবে এই ব্যবস্থা।

নিরাপত্তা ও পরিচালন দক্ষতা বাড়ানোর লক্ষ্য

রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়া ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার অন্যতম বৃহৎ প্রকল্প। আধুনিক স্বয়ংক্রিয়করণ ও নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো ওআইএসএস বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, নতুন ব্যবস্থাটি জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার সময় কমাতে, পরিচালন ব্যয় হ্রাস করতে এবং নিয়ন্ত্রণকক্ষের কর্মীদের নির্ভরযোগ্য সহায়ক হিসেবে কাজ করতে সক্ষম হবে।

দুটি ভিভিইআর-১২০০ চুল্লি নিয়ে প্রকল্প

জেনারেশন ৩+ প্রযুক্তির দুটি ভিভিইআর-১২০০ চুল্লি নিয়ে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে রোসাটমের প্রকৌশল শাখা অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট।

স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ও অপারেটর সহায়ক প্রযুক্তি স্থাপনের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনব্যবস্থাকে আরও আধুনিক ও নির্ভরযোগ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad