ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ রাত
  • ৪৭৭৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
বিদেশি কারিকুলামে ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল সম্পন্ন করা ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

রোববার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘বিদেশি কারিকুলাম অধ্যয়নকারী শিক্ষার্থীদের সরকারি বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তির সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অ্যালায়েন্স অব প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলস এ সেমিনারের আয়োজন করে।

ভর্তি প্রক্রিয়ায় সমতার ওপর গুরুত্ব

শিক্ষামন্ত্রী বলেন, দেশে প্রতিবছর ইংরেজি মাধ্যমের প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষার্থী ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল পরীক্ষায় অংশ নেয়। কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিদ্যমান পদ্ধতি এবং সমমানের সনদসংক্রান্ত জটিলতার কারণে এসব শিক্ষার্থী তুলনামূলকভাবে কম সুযোগ পায়। এটি শিক্ষাব্যবস্থার জন্য এক ধরনের ‘সিস্টেম লস’।

তিনি বলেন, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা যাতে সরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় সমতার ভিত্তিতে অংশ নিতে পারে, সে লক্ষ্যে ইউজিসির নেতৃত্বে কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশের আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

একই সঙ্গে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের ইতিহাস, বাংলা ভাষা ও সংস্কৃতির কার্যকর পাঠদান জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা

অ্যালায়েন্স অব প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলসের সভাপতি মো. মোর্শেদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন এবং ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি এবং বিভিন্ন ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা সেমিনারে অংশ নেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad