সোমবার সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে কোয়েল মল্লিককে উত্তরীয় পরিয়ে হাতে দলের পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রী। এর আগে তিনি রাজ্যসভার উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিজেপিতে যোগ দিয়ে কোয়েল পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রশংসা করেন। তিনি বলেন, গত কয়েক মাসে রাজ্যে উন্নয়নের কাজ চলছে। পশ্চিমবঙ্গে আরও কাজ ও উন্নয়ন দেখতে চান তিনি। কাউকে ছোট না করে উন্নয়নের কাজে ভূমিকা রাখার লক্ষ্যেই রাজনীতিতে আসার কথা জানান এই অভিনেত্রী।
তৃণমূল থেকে বিজেপিতেকোয়েল মল্লিক ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। দলটির সমর্থনে তিনি রাজ্যসভার সদস্যও নির্বাচিত হন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। সে সময় কোয়েল ও তাঁর বাবা বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিককে তৃণমূল নেতৃত্বের প্রশংসা করতেও দেখা যায়।
পরে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী বিপর্যয়ের পর দলটির সঙ্গে কোয়েলের দূরত্ব তৈরি হয়। এর কয়েক মাসের মধ্যেই তিনি বিজেপিতে যোগ দিলেন।
কোয়েলের বক্তব্যে শ্রীলেখার কটাক্ষবিজেপিতে যোগ দেওয়ার পর কোয়েল সংবাদমাধ্যমকে বলেন, তিনি সবার জন্য কাজ করতে চান এবং সবার মঙ্গল কামনা করেন।
কোয়েলের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে কটাক্ষ করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এক পোস্টে শ্রীলেখা লেখেন, ‘দেশের সেবা করতে চাই, etc etc… লাইনগুলো বড্ড বস্তাপচা হয়ে গেছে। অন্য কিছু ভাবুন বা স্ক্রিপ্ট রাইটার বদলান।’
কোয়েলের বিজেপিতে যোগদান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কনটেন্ট নির্মাতা কিরণ দত্তও তাঁকে কটাক্ষ করে লিখেছেন, ‘কোয়েল পাখি কখনোই নিজের বাসায় ডিম পাড়ে না। এতে অবাক হওয়ার কি আছে!’
অভিনেত্রীর দলবদল ও তাঁর রাজনৈতিক বক্তব্য ঘিরে পশ্চিমবঙ্গের বিনোদন ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র: সংশ্লিষ্টদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স