মঙ্গলবার (৬ অক্টোবর) বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা মেসির। কিন্তু বহুল প্রত্যাশিত এই ম্যাচের আগে প্রতিপক্ষ বেনিনের সফর নিয়ে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি।
মেগাস্পোর্টের প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, বেনিন দল আর্জেন্টিনায় আসার পথে প্রায় ২৩ ঘণ্টার ইকোনমি ক্লাসের যাত্রা করেছে। দলের ভিডিও বিশ্লেষক জোনাস বিদে যাত্রাপথে জ্ঞানও হারান। আর্জেন্টিনায় পৌঁছানোর পরও দলের অনুশীলন ও থাকার ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট হতে পারেনি তারা।
বেনিন দলের অভিযোগ অনুযায়ী, হোটেলে গরম পানির ব্যবস্থা ছিল না এবং সনা নষ্ট ছিল। পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতিও ছিল। অনুশীলনের জন্য ব্যবহৃত কৃত্রিম ঘাসের মাঠ ও ফিটনেস কক্ষও পেশাদার আন্তর্জাতিক দলের জন্য যথেষ্ট উপযোগী ছিল না।
এর আগে বুরকিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার ৭-০ গোলের জয়ও বিতর্কের জন্ম দেয়। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ভ্রমণ ব্যবস্থাপনার কারণে বুরকিনা ফাসো অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের নিয়ে দল পুনর্গঠন করে আর্জেন্টিনায় আসে। তারা কম খরচের ফ্লাইটে ভ্রমণ করে এবং কোনো বোনাসও পায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সবচেয়ে বড় সমস্যা তৈরি হয় ম্যাচের আগে। দীর্ঘ ভ্রমণের পর বুরকিনা ফাসোর খেলোয়াড়েরা আর্জেন্টিনায় পৌঁছান ম্যাচ শুরুর মাত্র তিন ঘণ্টা আগে। ফলে বিশ্রাম নেওয়ার সুযোগ ছাড়াই তাদের মাঠে নামতে হয়। আর্জেন্টিনার সংবাদমাধ্যমও এ ঘটনায় এএফএর ব্যবস্থাপনার সমালোচনা করে।
বেনিনের স্কোয়াডেও পরিবর্তন এসেছে। বেসিকতাসের জুনিয়র ওলাইতান, টিপিএসের শার্লেমেন আজোনিতোদে এবং ভিপিএসের সাহিদ নগোবি দলে নেই। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানা গেছে।
এর আগে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৪-০ গোলের জয় নিয়ে তেমন আলোচনা না হলেও বুরকিনা ফাসোর ম্যাচের পর এএফএর ভ্রমণ ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন জোরালো হয়েছে। এবার মেসির বিদায়ী ম্যাচের আগে বেনিনের অভিজ্ঞতাও সেই বিতর্ককে আরও বাড়িয়েছে।
তবে এসব ঘটনায় মেসির ব্যক্তিগত ভাবমূর্তি নিয়ে কোনো প্রশ্ন নেই। বিতর্কের কেন্দ্রবিন্দু মূলত এএফএর ব্যবস্থাপনা। আন্তর্জাতিক ম্যাচ আয়োজন ও সফরকারী দলের সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে সংস্থাটির ভূমিকা নিয়ে এরই মধ্যে সমালোচনা শুরু হয়েছে।
এখন সবার নজর ৬ অক্টোবরের ম্যাচে। মেসির আর্জেন্টিনা জার্সির শেষ উপস্থিতি যেমন ঐতিহাসিক হতে যাচ্ছে, তেমনি ম্যাচের আগে তৈরি হওয়া বিতর্কও আর্জেন্টিনার জন্য বাড়তি চাপ তৈরি করেছে।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স